Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
'হামি ২' নিয়ে প্রত্যাশা তুঙ্গে - 'হামি ২' নিয়ে প্রত্যাশা তুঙ্গে -
Saturday, March 7, 2026
টলিউডলাইম-Light

‘হামি ২’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। উইন্ডোজ-এর ছবি নিয়ে দর্শক আগ্রহ বরাবরই বেশি। ‘হামি ২’-এ আবার বিশেষ চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অর্থাৎ আগ্রহের পারদ আরও উর্দ্ধমুখী। লিখেছেন সোমনাথ লাহা

২০১৮ -তে মুক্তি পেয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘হামি’। বাচ্চাদের মধ্যেকার বন্ধুত্ব ও ভালোবাসার সেই গল্প দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। সেই ছবির ‘ভুটু ভাইজান’ এখনও রয়ে গিয়েছে দর্শকমনে। ছবির অন্যতম দুই চরিত্র লাল্টু-মিতালিও দর্শকমন জয় করে নিয়েছিল। আজ ‘হামি ২’-এর হাত ধরে আবার পর্দায় লাল্টু-মিতালি। সঙ্গে তাঁদের ‘বিস্ময় বালক’ ও রিয়েলিটি শো। তবে এবারে পদবী পরিবর্তন হয়েছে তাদের। লাল্টু-মিতালির পদবী এখানে মন্ডল।

টলিউডে পারিবারিক ও সুস্থ বিনোদনমূলক ছবি তৈরি করে আলাদা একটা জায়গা করে নিয়েছে উইন্ডোজ প্রোডাকশন। ‘হামি ২’-এ একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন পরিচালকদ্বয়। সেটি হল রিয়েলিটি শোয়ের হাত ধরে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা রাতারাতি পাদপ্রদীপের আলোয় চলে আসে, সাময়িকভাবে তারা হয়ে ওঠে বিস্ময়। কিন্তু তা ক্ষণস্থায়ী। ছোটদের খুদে মন সেসব বুঝতে পারে না। অন্যদিকে তাদের সামনে এগিয়ে দেওয়া বাবা-মায়েরা সাময়িক এই লাইমলাইট, টাকার মোহে পড়ে কোথাও গিয়ে সন্তানের শৈশবটাকেই নষ্ট করে ফেলছেন। ছবির মধ্য দিয়ে মজার ছলে এমন‌ই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে দর্শকের সামনে এনেছেন নন্দিতা-শিবপ্রসাদ।

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। সংলাপ রচনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির গীতিকার ও সংগীত পরিচালনায় আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আবহসংগীত প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সিনেমাটোগ্রাফার অলোক মাইতি। সম্পাদনায় মলয় লাহা। ছবিতে লাল্টু ও মিতালির চরিত্রে প্রথমবারের মতোই এবারও যথাক্রমে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী। ছবিতে দর্শকদের মন এবার মাতিয়ে তুলবে তিন খুদে শিল্পী ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরী। ছবিতে এদের নাম চিনু, ভেঁপু ও রুকসানা। এছাড়াও একজন রিয়েলিটি শো (জুনিয়র পন্ডিত)-এর সঞ্চালকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ‘প্রাক্তন’-এর পর উইন্ডোজের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। পাশাপাশি এই ছবির আরেকটি অন্যতম আকর্ষণ হলো নিতাই জ্যাঠা। চরিত্রটিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। একজন চাইল্ড আর্টিস্ট কোর্ডিনেটরের ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সোমক ঘোষ প্রমুখ। ছবিতে বিশেষ অতিথি শিল্পী ( রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায়)  হিসেবে কাজ করেছেন হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী ও মনামি ঘোষ।

মিষ্টি বন্ধুত্বের গল্প  বলার পাশাপাশি জীবনের কিছু কঠিন সত্যের মুখোমুখি সকলকে দাঁড় করাবে ‘হামি ২’। ছবিতে রয়েছে বিস্ময় বালক-বিস্ময় বালিকা এবং রিয়ালিটি শো ‘জুনিয়র পণ্ডিত’। ছবির কাহিনি হলো– বহু চেষ্টার পরেও স্কুল টিচার হ‌ওয়া হয়ে ওঠে না লাল্টু মন্ডলের। তাঁর স্বপ্ন অধরাই থেকে যায়। এখন হার্ড‌ওয়্যারের ব্যবসা করে সে। তাঁর হার্ড‌ওয়্যারের ব্যবসা  রমরমিয়ে চললেও লাল্টুর পেশায় খুশি নয় স্ত্রী মিতালি। লাল্টু আর মিতালির দুই সন্তান চিনু ও ভেঁপু। তাদের বড় ছেলে ‘বিস্ময় বালক’। নিমেষেই বড় বড় অঙ্ক কষে ফেলে সে। ঘটনাচক্রে চাইল্ড আর্টিস্ট কোর্ডিনেটরের নজরে পড়ে যায় এই ‘বিস্ময় বালক’। তারপর ‘জুনিয়র পণ্ডিত’ নামের রিয়ালিটি শোয়ের আসরে গিয়ে রাতারাতি স্টার হয়ে যায় লাল্টু ও মিতালি মন্ডলের পুত্র। হঠাৎ করেই মধ্যবিত্ত মন্ডল পরিবার উঠে আসে প্রচারের আলোয়। হাতে চলে আসে টাকা। বদলে যায় সম্পর্কের সমীকরণ।

দাদার নাম-যশ দেখে লাল্টু-মিতালির ছোটছেলে ভেঁপুর মনে প্রশ্ন জাগে, দাদাভাইয়ের মতো বলতে পারব না কখনও, আমার মাথায় কি বুদ্ধি নেই? তাঁর মনে দানা বাঁধে আশঙ্কা, দাদা অনেকটা দূরে চলে গেছে! অন্যদিকে, রিয়ালিটি শোয়ের এই নাম-যশ সবই তো সাময়িক। সময়ের সঙ্গে মানুষ নতুন বিস্ময় খুঁজে নেয়। ছোটদের মন অত জটিলতা বোঝে না। ‘জুনিয়র পণ্ডিত’-এর আসরে চিনুর বড় কম্পিটিটর এখন রুকসানা। যদিও বাস্তবে তাদের গাঢ় বন্ধুত্ব। সেটা আবার বিশেষ পছন্দ নয় মিতালির। অনিবার্য হয়ে ওঠে সেই প্রশ্ন, চিনু-ভেঁপু-রুকসানারা কি ‘সেঞ্চুরিটা হামি’ দিয়ে সব বিভেদ মুছে দিতে পারবে ?

ট্রেলার লঞ্চের দিনে ছবির অন্যতম পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদ জানান, “আমাদের ভিতরে যে কথা থাকে, সেই কথাটাকেই আমরা সিনেমাতে বলার চেষ্টা করি। সিনেমা পর্দায় কথা বলে। আমার মনে হয় এই ছবির ভিতরেই সবকিছু বলা আছে। সকলকে অনুরোধ করব এই ছবিটা দেখার জন্য। এই সিনেমা আপনাদের মনের কথা বলবে।” নন্দিতা রায়ের মতে, “এই ছবির গল্প বিশেষ কিছু বলতে চাই না। ছবির ট্রেলার দেখে এটা অনেকেই বুঝেছেন যে এটায় রিয়ালিটি শোয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে এর পাশাপাশি এতে আরও অনেক স্তর রয়েছে। দর্শক ছবি দেখে সেটা আবিষ্কার করবেন। ‘হামি’ বন্ধুত্বের, বাচ্চাদের ভালোবাসার গল্প ছিল। সেটা ‘হামি ২’ -তেও রয়েছে, তবে, ইন্টারেস্টিং মোড়কে। আমার বিশ্বাস ‘হামি’-কে টপকে যাবে ‘হামি ২’।”

ছবির ট্রেলার দেখে সকলের উচ্ছ্বাসে মুগ্ধ গার্গী। অভিনেত্রীর মন্তব্য, “এটা প্রত্যাশিত ছিল। তবে খুব ভয়‌ও করছে। নন্দিতাদি বলছিলেন যে ‘হামি’ দেখে দর্শকের প্রত্যাশা এত বেড়ে গিয়েছে–সেটা যদি ‘হামি ২’ দেখে না হয় ! আসলে প্রত্যাশা যত বেশি, ভয় তত বাড়ে। আমরা ঠিক সেরকম অবস্থার মধ্যে রয়েছি। তবে এবারে আমার যে বাচ্চাদুটো রয়েছে, চিনু আর ভেঁপু–তারা অসাধারণ। আমার মনে হয় ‘হামি’ -র তুলনায় অনেক কিছু বেশি আমরা ‘হামি ২’-তে দিতে পারব।” পাশাপাশি ট্রেলার দেখে রীতিমতো আনন্দিত ও উত্তেজিত ছবির তিন শিশুশিল্পী। ছবির সংগীত পরিচালক অনিন্দ্যর অভিমত, “খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ছবি তৈরি হয়েছে। শিবপ্রসাদ ও নন্দিতার ছবিতে একটা সামাজিক অবস্থা, এক ধরণের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এখানেও সেটা হয়েছে।”

‘হামি’-র মতোই দর্শকধন্য হয় কিনা ‘হামি ২’, তা বুঝতে অবশ্য আর কয়েক ঘন্টা !