ওটিটির ব্ল্যাক কমেডিতে রাজকুমার রাও
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। নেটফ্লিক্সে আসছে রাজকুমার রাও অভিনীত ‘গানস এন্ড গুলাবস’! লিখেছেন মৃণালিনী ঠাকুর।
নয়ের দশকের জমজমাট রোমান্স ও কমেডি–সঙ্গে ক্রাইম ও ভায়োলেন্স মিলে তৈরি হয়েছে ‘গানস এন্ড গুলাবস’! বিষয়ের ব্লেন্ডিং চমকপ্রদই বটে ! নামেও মালুম এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্মের আর পাঁচটির থেকে আলাদাই হবে। এই মুহূর্তে এই ব্ল্যাক কমেডি কবে থেকে স্ট্রিমিং শুরু হবে, সেটা ঠিক জানা না গেলেও নেটফ্লিক্সই যে ‘গানস এন্ড গুলাবস’ ওয়েব দর্শকের সামনে হাজির করতে চলেছে, সেটা পাক্কা খবর। ‘সিনেমা বন্দি’-র পর এটি পরিচালক রাজ এন্ড ডি কে জুটির সঙ্গে নেটফ্লিক্সের দ্বিতীয় মেলবন্ধন! প্রযোজনা ডিটুআর ফিল্মস। অভিনয়ে মুখ্য ভূমিকায় রাজকুমার রাও, দুলকার সলমন, আদর্শ গৌরব, পূজা গোর, বিপিন শর্মা, শ্রেয়া ধন্বন্তরী, মনুজ শর্মা, সঞ্চয় গোস্বামী, গুলশান দেবাইয়া, টি জে ভানু ও প্রয়াত সতীশ কৌশিক।


প্রসঙ্গত, পরিচালক রাজ এন্ড ডি কে জুটির সঙ্গেই ২০১৮ সালে রাজকুমার রাও ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেন ও বিপুল পরিমাণে সাফল্য পান। এই জুটির সঙ্গে আবার কাজ করতে পেরে, তাও আবার এমন মজাদার ও আকর্ষণীয় এক চিত্রনাট্যে–খুশি গোপন করেননি রাজকুমার। নয়ের দশকের যাবতীয় অনুষঙ্গ সিরিজে হাজির করেছেন রাজ এন্ড ডি কে। চরিত্রগুলির লুক, চলনবলন, কস্টিউম থেকে ঠাণ্ডা পানীয় বা অন্যান্য প্রপস। আর এই বিষয়টাই দারুণ লেগেছে তাঁর বলে জানিয়েছেন রাজকুমার রাও। একই অনুভব জানান দুলকার সলমন ও গুলশান দেবাইয়াও।

এর আগে অল্ট বালাজি-তে প্রদর্শিত মিনি সিরিজ ‘বোস ডেড/অ্যালাইভ ‘-এ আমরা রাজকুমার রাওকে দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে। সেইদিক থেকে বলতে গেলে ‘গানস এন্ড গুলাবস’ হলো ওটিটি প্ল্যাটফর্মে রাজকুমার অভিনীত প্রথম বড়মাপের ফিকশন সিরিজ। হিন্দি ও দক্ষিণী ছবির এই ক্ষমতাশালী অভিনেতা নিজ গুণেই বিনোদন জগতে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। সব ধরনের চরিত্রে সাবলীল রাজকুমার ‘গানস এন্ড গুলাবস’-এ একাধারে কমেডি ও অ্যাকশন দুদিকেই জমিয়েছেন নাটক। আর সেটা কতটা, তা টিজারেই মালুম ! টিজারে আমরা দেখি রাজকুমার একজনকে রেঞ্চ নিয়ে আক্রমণে উদ্যত ! আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে, সব মানুষের মধ্যেই কিছু না কিছু গোপন রহস্য আছে। আর সেই রহস্য গোপন থাকাই ভালো !


‘গানস এন্ড গুলাবস’-এর নির্মাণ প্রসঙ্গে প্রস্তুতকারকদের বক্তব্য, যখন থেকে এই সিরিজ বানাবার পরিকল্পনা করেছি এবং নেটফ্লিক্সের সঙ্গে আমাদের সহযোগ চুক্তি হয়েছে, তখন থেকেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে এই ব্ল্যাক কমেডির ঝলক (টিজার) শেয়ার করব সকলের সঙ্গে ! নির্মাতাদের কথায়, একদল শক্তিশালী অভিনেতা ও বেশ কয়েকজন গুণী ক্রু মেম্বারদের নিয়ে কাজ করার দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁদের। কাজ করার সময় ঠিক যে রকম পাগলপন ও মজা পেয়েছেন সংশ্লিষ্ট সবাই, দর্শকও ঠিক তেমনই উপভোগ করবেন এই সিরিজ, বিশ্বাস নির্মাতা টিমের। ‘গানস এন্ড গুলাবস’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজ এন্ড ডি কে ও সুমন কুমার। ডায়ালগ সুমিত অরোরা। সিনেমাটোগ্রাফি পঙ্কজ কুমার। মিউজিক আমন পন্ত।

