‘বিশ্বভরা প্রাণ’-এর বর্ণাঢ্য ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দু মাস ব্যাপী নানা জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। শুরু হয়েছে গত ২০শে নভেম্বর। চলবে ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত। ২০শে নভেম্বর আন্তর্জাতিক স্তরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এই পর্ব, যা প্রতিষ্ঠানের নিজস্ব বিবিপি টিভিতে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আয়োজন করা হয়েছে জাতীয় সম্মেলন ২০২২। সারা দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামিকাল অর্থাৎ ২৬ নভেম্বর পিটিআই মিলনায়তন, ঢাকা, মীরপুরে।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন। উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দস (লেখক ও গবেষক)। সম্মেলনে নেতৃত্ব দানকারী প্রতিশ্রুতিশীল সেরা ১০ জন সংগঠককে সম্মাননা জানানো হবে। বিশ্বভরা প্রাণ প্রবর্তিত ‘BIC Award ২০২১-২০২২’-এর সেরা দশ প্রতিযোগীর অংশগ্রহণ থাকবে সম্মেলনে। এছাড়া সম্মেলনে বিশ্বভরা প্রাণ-এর সৃজনশীল উদ্যোগ ‘জ্ঞানসঙ্গী প্রকাশন’ প্রকাশিত গ্রন্থের পাঠ উন্মোচন, গ্রন্থ প্রদর্শন ও লেখক সমাবেশও থাকবে।


সম্মেলনে থাকবে ভারতীয় শিল্পীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিশ্বভরা প্রাণ বাংলাদেশের ৫০টি জেলা শাখা থেকে আগত শিল্পীদের প্রাণময় অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শৈল্পিক যাত্রার ৬ষ্ঠ বর্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা শাখাও সম্মেলনের আয়োজন করেছে। জানুয়ারি মাসে বিশ্বভরা প্রাণ-এর বাংলাদেশের বিভিন্ন জেলার প্রজন্ম বিভাগ নিয়ে ঢাকায় শিশু উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। বর্ণাঢ্য এই জন্মোৎসবের পরিসমাপ্তি ঘটবে কলকাতায়, পশ্চিমবঙ্গ সম্মেলন দিয়ে, জানুয়ারি ২০২৩-এ।

